kolkata

2 years ago

Justice Abhijit Gangopadhyay summons: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি

Gautam Pal - Justice Abhijit Gangopadhyay (File Picture)
Gautam Pal - Justice Abhijit Gangopadhyay (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার দুপুর ৩টের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে ডেকে পাঠালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।আদালত সূত্রে খবর, টেট সংক্রান্ত একটি জরুরি মামলার বিষয়েই তলব করা হয়েছে গৌতমকে।

দিন কয়েক আগেই ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত ঘিরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন গৌতম। ওই মামলা প্রথমে ডিভিশন বেঞ্চে যায়। পরে ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল রাখলে আবার এই মামলা সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়ে কিছু না বললেও ডিভিশন বেঞ্চের রায় খারিজ করে দেয়। সেই ঘটনার পর এ বার মুখোমুখি সাক্ষাৎ হতে চলেছে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং পর্ষদ সভাপতির।

সূত্রে জানা গিয়েছে, এক মাস আগের একটি মামলার সূত্রেই এই তলব। ওই মামলায় ২০২০ সালে টেট পরীক্ষা দেওয়া এক চাকরিপ্রার্থীকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া হয়েছিল ওই নির্দেশ। কিন্তু ওই চাকরিপ্রার্থীর আইনজীবী আদালতে সম্প্রতি জানান, এক মাস কেটে গেলেও ওই চাকরি প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠায়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ।

মামলাটি শুনানির জন্য সোমবার ওঠে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। চাকরিপ্রার্থীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের বক্তব্য শোনার পর আদালত পর্ষদের আইনজীবীর কাছেও পর্ষদের অবস্থান জানতে চান। জবাবে তিনি বলেন, পর্ষদ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছে। বিষয়টি বিচারাধীন বলে এখনও কোনও পদক্ষেপ করা হয়নি। বিচারপতি গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চে যে মামলা হয়েছে, তার নম্বর চাইলে পর্ষদের আইনজীবী উত্তর দিতে পারেননি। তিনি বলেন ওই মামলার নম্বর তাঁর জানা নেই। পর্ষদের এই জবাব শোনার পরই বিচারপতি পর্ষদ সভাপতিকে তলব করেন বলে জানা গিয়েছে। 

You might also like!