
কলকাতা, ৯ অক্টোবর: বৃষ্টি থামতেই গরমের দাপটে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে, গরমের সঙ্গে অস্বস্তিও বাড়ছে। গুমোটভাব অস্বস্তি যেন আরও বাড়িয়ে তুলছে। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী তিলোত্তমায়, পারদ চড়ছে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৯ থেকে ১১ অক্টোবর সময়কালে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবেই না বলা চলে। মহানগরীতেও দেখা মিলবে না বৃষ্টির।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কোনও কোনও জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। সোমবারের পর উত্তরবঙ্গেও উন্নতি হতে পারে আবহাওয়ার। বাড়বে গরম।
