kolkata

2 years ago

Abhishek Banerjee : ধাক্কা খেলেন অভিষেক! ‘বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও’ কর্মসূচি স্থগিত করে দিল কলকাতা হাই কোর্ট

Abhishek Banerjee (File Picture)
Abhishek Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৫ অগস্ট রাজ্যের সমস্ত ব্লক স্তরে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,  তা আপাতত হচ্ছে না।  

উল্লেখ্য, ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের এই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যার বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে মামলা করে বিজেপি। অভিষেক এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সেই মামলার শুনানি ছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে। মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ‘‘কেউ যদি বলেন, কাল হাই কোর্ট ঘেরাও করা হবে তবে কি সরকার বা পুলিশ কোনও পদক্ষেপ করবে না? কেউ যদি কোথাও বোমা রাখা হবে বলে, তবে কি সরকার বা পুলিশ কোনও পদক্ষেপ করবে না?’’

প্রসঙ্গত, ২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ স্মরণের সমাবেশের মঞ্চে ১০০ দিনের টাকা আটকে রাখার প্রসঙ্গ তুলে কেন্দ্রকে দোষারোপ করেছিলেন অভিষেক। সেই সূত্রেই কেন্দ্রে ক্ষমতায় থাকা শাসকদল বিজেপির নেতাদের বাড়ি ঘেরাওয়ের ডাক দেন তিনি। তৃণমূল সমর্থকদের উদ্দেশে অভিষেক বলেছিলেন, ‘‘আগামী ৫ অগস্ট সমস্ত বুথ, অঞ্চল, ব্লক, জেলা থেকে রাজ্যস্তরের বিজেপি নেতাদের বাড়ি শান্তিপূর্ণ ভাবে ঘেরাও করতে হবে। তবে বাড়িতে কোনও বৃদ্ধ মানুষ থাকলে তাঁকে ছেড়ে দেবেন। বিজেপি নেতা বাড়ি থেকে বেরোবেনও না, ঢুকবেনও না।’’ তবে একই সঙ্গে দলের সদস্যদের সতর্ক করে অভিষেক বলেছিলেন, ‘‘কিন্তু কারও গায়ে হাত দেবেন না। প্রথমে এখানে গণঘেরাও কর্মসূচি হবে। তার পর দিল্লি ঘেরাও হবে।’’ 

২১ জুলাই মমতা এবং অভিষেকের এই মন্তব্যের পর ২২ জুলাই রাতেই কলকাতার হেয়ার স্ট্রিট থানায় তৃণমূলের সর্বময় নেত্রী মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে ই মেলে অভিযোগ দায়ের করেন শুভেন্দু। পরে ২৪ জুলাই অভিষেক এবং মমতার বিরুদ্ধে মমালা দায়েরের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। 

You might also like!