
কলকাতা, ১৬ জুন : কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আপাতত বিরাজ করবে গরম, পশ্চিমের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ। কোথাও কোথাও থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আরও কয়েকটি দিন এই গরমের দাপট সহ্য করতে হবে দক্ষিণবঙ্গকে। ১৮ জুন পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। ফলে এই সময়ের মধ্যে অস্বস্তি আরও বাড়বে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ জুন পর্যন্ত তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হবে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি না হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা গরম থাকবে।
১৯-২১ জুনের মধ্যে পরিস্থিতি বর্ষা অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহবিদরা আশা করছেন, আগামী ১৯-২১ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢুকতে পারে, দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ঢুকলেই বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।
দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে, তার ঠিক বিপরীত ছবি উত্তরবঙ্গে। সেখানে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন আবহবিদরা। ১৯ জুন পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহারের দু’এক জায়গায়। এ ছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়ের কয়েকটি জায়গায়। ১৬ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। ১৭ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংয়ে। ১৮ জুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পঙে।
