
কলকাতা, ৭ অক্টোবর : পশ্চিমবঙ্গে গত কয়েক দিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছিল, তা এ বার কমতে চলেছে। দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই বদলে যাবে আবহাওয়া। বলা যেতে পারে, আপাতত বৃষ্টির দিন শেষ! তবে, আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতেও পারে। ২৪ ঘন্টার পর থেকে দক্ষিণবঙ্গে আবারও বাড়তে পারে তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৯ থেকে ১১ অক্টোবর সময়কালে দক্ষিণবঙ্গে কমের দিকেই থাকবে বৃষ্টিপাত। মহানগরীতেও কমবে বৃষ্টিপাত। স্বাভাবিকভাবে বৃষ্টি না হলে, তাপমাত্রাও চড়বে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭. ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন সকাল থেকেই রোদের দাপটও বেশ ভালোই ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে।
