
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর আনন্দে ভাসছে গোটা শহর, মণ্ডপে মণ্ডপে শুধু কালো মাথার ঢল। ভিড়ের নিরিখে জোর টক্কর উত্তর থেকে দক্ষিণের পুজোর গুলির মধ্যে। সপ্তমীর ভিড় সামলাতে শনিবার রাতে সেন্ট্রাল এভিনিউ থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। বেশ কিছু এলাকায় ভিড় ও যানজটের কারণে শ্লথ হয় ট্রাফিকের গতি। রবিবার, অষ্টমীর দিন কেমন থাকবে শহর কলকাতার ট্রাফিক? জানাল কলকাতা পুলিশ
রবিবার অষ্টমীর সকালে শহরের ট্রাফিক সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশের লালবাজার কন্ট্রোল রুম। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। কলকাতা পুলিশের লালবাজার কন্ট্রোল রুম জানিয়েছে, রবিবার শহরে কোনও বড় মিছিল-মিটিং বা রাজনৈতিক সভা সমাবেশের খবর নেই। দুপুর থেকে কলকাতা পুলিশের পুজোর বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ পদ্ধতি কার্যকর করা হবে।
অন্যদিকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরগামী ইএম বাইপাস ও ভিআইপি রোডের যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সপ্তমীর রাতে মা ফ্লাইওভারের উপর বিকল হয়ে যায় একটি গাড়ি। ফলে ফ্লাইওভার ও ইএম বাইপাসে যান চলাচল বেশ কিছু সময়ের জন্য বাধাপ্রাপ্ত হয়েছিল।
কলকাতার রাস্তাঘাটে মন্ডপ দর্শনের জন্য মানুষের ভিড় থাকায় পথচারীদের কর্তব্যরত ট্রাফিক পুলিশের পরামর্শ মেনে চলার বার্তা দিয়েছে লালবাজার। রাস্তা পার হওয়ার সময় জেব্রা ক্রসিং মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।অন্যদিকে বাইক ও গাড়ি চালকদের ট্রাফিক সিগল্যাল মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, বাইক চালকদের হেলমেট পরা বাধ্যতামূলক। হেলমেটবিহীন বাইকচালক দেখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
