
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একটি মন্তব্য করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি মন্তব্য করেন, ২০১১ সালের পর এই রাজ্যের কৃষকদের আয় বাম আমলের থেকে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের একাধিক বঞ্চনা ইস্যু নিয়ে সরব হন তিনি। তিনি বলেন, দিল্লির কাছে ৫.৭৩ লক্ষ টন সার চাওয়া হয়েছিল। মিলেছে মাত্র ৭৫ হাজার টন।
এদিন কৃষিমন্ত্রীর কাছে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি একটি প্রশ্নবাণ নিক্ষেপ করেন। নওশাদ কৃষি মন্ত্রীর কাছে জানতে চান, দক্ষিণ ২৪ পরগনায় কৃষকের সংখ্যা এবং কৃষকবন্ধু ভাতা ও কৃষি পেনশন প্রাপকের সংখ্যা। প্রত্যুত্তরে কৃষিমন্ত্রী জানান, ওই জেলার ৭.৭৫ লক্ষ কৃষকের মধ্যে ৭.৩২ লক্ষ কৃষক কৃষিবন্ধু ভাতা পাচ্ছেন। সব মিলিয়ে ৫.৭১ লক্ষ পরিবারকে সরকারি সহায়তা দেওয়া হচ্ছে। এ সময় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী রাজ্যে সার নিয়ে কালোবাজারি চলার অভিযোগ করেন। অভিযোগ অস্বীকার করে শোভনদেব জানান, ‘‘আমাদের দপ্তর কড়া নজর রেখেছে। কোনওরকম বেআইনি সার মজুতের খবর পেলেই হানা দিচ্ছে।’’
