
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার কলকাতা বিমানবন্দরে ভুয়ো টিকিটে কলকাতা থেকে মিজোরাম যাওয়ার পথে ধৃত এক যাত্রী। কলকাতা থেকে মিজোরামের আইজল যাওয়ার সময় এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে আইজল যাচ্ছিল এইচ লাল মালসাওমা নামে এক যাত্রী। বিমানবন্দরে প্রবেশ করে সে একটি বেসরকারি বিমান পরিবহণ সংস্থার কাউন্টারে যায় এবং টিকিট দেখায়। টিকিট দেখে ইন্ডিগো কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে সন্দেহ হয়। টিকিট খতিয়ে দেওখার পর গোটা বিষয়টি পরিষ্কার হয়। বিমান পরিবহণ সংস্থার কর্মীরা বুঝতে পারেন, ওই যাত্রীর কাছে থাকা টিকিটটি আদতে ভুয়ো।
এরপরই গোটা বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা CISF-কে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। পরবর্তীকালে সিআইএসএফ এনএসসিবিআই থানার হাতে তুলে দেয় ওই যাত্রীকে। ভুয়ো টিকিট নিয়ে বিমানে ওঠার চেষ্টার অপরাধে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে আসছে নানান তথ্য, জানা গিয়েছে এইচ লাল মালসাওমা শিলংয়ের বাসিন্দা। ধৃত যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ১৫ দিন আগে একটি রেস্তরাঁয় কাজ করার জন্য কলকাতা এসেছিল সে। পরবর্তীতে তিনি কলকাতা থেকে আইজল ফিরে যাবে বলে সিদ্ধান্ত নেয়। যে টিকিটে সে আইজল থেকে কলকাতা এসেছিল, ভাড়া বাঁচানোর জন্য সেই টিকিট দিয়ে ফিরে যাওয়ার প্ল্যান করে। মোবাইল ফোন ও প্রযুক্তির সাহায্য নিয়ে কলকাতা আসার টিকিটের তারিখ বিমানের সময় পরিবর্তন করে লালমালসাওমা। জিজ্ঞাসাবাদে পুলিশকে সে জানিয়েছে, টিকিট কাটার টাকা না থাকার জন্যই বাধ্য হয়ে সে এই কাজ করেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ওই যাত্রীকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।
