
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী দ্বিতীয় হুগলি সেতু র সংস্কার নিয়ে পূর্ত দপ্তর এবং সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এইচআরবিসি-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।সুত্রের খবর, বৈঠকে সিদ্ধান্ত হয় পুজোর আগেই শুরু হতে পারে দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের কাজ।
সেতু সংস্কারের এই কাজ করতে জার্মানি থেকে আসছেন বিশেষজ্ঞরা। রাজ্য প্রশাসনের সদর দপ্তর নবান্ন যাতায়াতে দ্বিতীয় হুগলি সেতু অন্যতম পথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অন্যান্য মন্ত্রী, রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকরা এই সেতু দিয়েই প্রতিনিয়ত যাতায়াত করেন। এক লক্ষেরও বেশি গাড়ি প্রতিদিন দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে। ফলে সেতু সংস্কার শুরু হলে ট্রাফিক নিয়ন্ত্রণ একটা বড় মাথাব্যথার কারণ পুলিশ আধিকারিকদের।
সরকারি-বেসরকারি বাসে করে এই সেতুর মাধ্যমে প্রতিদিন কয়েক লক্ষ নিত্যযাত্রী কলকাতা শহরে আসেন। ব্রিজে মেরামতির কাজ শুরু হলে স্বাভাবিকভাবেই সেই বাসগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। এই ট্রাফিক কীভাবে কোন রাস্তা দিয়ে ঘোরানো হবে সেটাই এখন দেখার।
দ্বিতীয় হুগলি সেতুর ডিজাইন করেছিল জার্মান কারিগরি সংস্থা শ্লায়েশ বার্জারম্যান পার্টনার। তাই জার্মান বিশেষজ্ঞদের আনা হচ্ছে সেতুর মেরামতির জন্য। মোট ১২১টি কেবলের ফ্যান অ্যারেঞ্জমেন্টের উপর সেতুটি দাঁড়িয়ে রয়েছে। পূর্ত দপ্তর সূত্রে বলা হচ্ছে, এর মধ্যে কয়েকটি কেবলের অবস্থা ভাল নয়। কেবল মেরামতির জন্য জার্মানি থেকে সামগ্রী ইতিমধ্যে আনা হয়েছে। প্রাথমিকভাবে মেরামতির জন্য খরচ হতে পারে ৫৫ কোটি টাকা। তবে সেই অঙ্ক বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের মত।
