
কলকাতা, ১৪ সেপ্টেম্বর: লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে তদন্তকারী অফিসারের ১৬টি ফাইল ডাউনলোড মামলায় হাইকোর্টের দ্বারস্থ হল ইডি। কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাদের অভিযোগ, জেনারেল ডায়েরির ভিত্তিতে ইডি-র আধিকারিকদের বারবার ডেকে পাঠাচ্ছে কলকাতা পুলিশ। বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চেয়ে হয়রানি করা হচ্ছে। এই ১৬টি ফাইল তদন্তে কোথাও ব্যবহার করা হবে না, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে লিখিত প্রতিশ্রুতির পরেও চলছে হয়রানি, অভিযোগ করেন ইডি-র আইনজীবী। আবেদনপত্র দাখিলের অনুমতি দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবারই শুনানি হতে পারে।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের অফিসে ইডি ম্যারাথন তল্লাশি চালায় কয়েকদিন আগেই । তার পরেই ইডির বিরুদ্ধেই কম্পিউটারে তথ্য বিকৃতির অভিযোগে থানায় নালিশ দায়ের করে সংস্থাটি। ডাউনলোড করা ফাইলের সঙ্গে সংস্থার কোনও যোগসূত্র না থাকার অভিযোগ তোলা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, অনুমতি না নিয়েই ইডির বিরুদ্ধে ১৬ টি ফাইল ডাউনলোড করার অভিযোগ। পাশাপাশি সিজার লিস্টে না থাকলেও অভিযোগপত্রের সঙ্গে ফাইল অ্যাটাচের অভিযোগ তোলে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা।
