
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলার রাজনীতির সবচেয়ে রঙিন চরিত্র বোধ হয় শাসকদল তথা কামার হাটির বিধায়ক মদন মিত্র। রঙিন সাজে কেতাদুরস্ত থাকতেই পছন্দ করেন কামারহাটির বিধায়ক। মদনের এই রঙিন স্বভাব অজানা নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বৃহস্পতিবার ভারচুয়ালি রাজ্যের বিভিন্ন প্রান্তের পুজো উদ্বোধনের সময় মদনের সঙ্গে তাই রসিকতা করতে শোনা গেল স্বয়ং মুখ্যমন্ত্রীকে।
মজার ছলে মদনের উদ্দেশে মুখ্যমন্ত্রী বললেন, “পুজোর কদিন কিন্তু কালারফুল জামা কাপড় পরবে। আর ভালো করে সব জায়গায় যাবে। সবসময় কালারফুল আর চিয়ারফুল থেকো।” ভারচুয়ালি পুজো উদ্বোধনের সময় মদন মিত্রর দিকে নজর পড়তেই মমতা বললেন, “আরে মদন মিত্র বসে আছে কালারফুল হয়ে। জামাটা খুব সুন্দর তো। আবার বলো লাভলি। আরে তোমার তো লাভলি ব্র্যান্ড হয়ে গেছে। ভালো করে কামারহাটির পুজো দেখবে। দমদম-কামারহাটির পুজো।”
গতকাল টানা প্রায় ৭ ঘণ্টা ভারচুয়ালি পুজো উদ্বোধন করেছেন। মহালয়ার আগেই শহরে পুজো দেখা শুরু করে দিয়েছেন ইউনেস্কোর প্রতিনিধিরা। তাদের কথা মাথায় রেখেই প্রত্যেককে সাদর অভ্যর্থনা জানাতে বলেছেন মুখ্যমন্ত্রী। প্রতিমা, মণ্ডপ বেশ খুঁটিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। শিল্পীদের সঙ্গেও আলাপচারিতায় করেন তিনি।
