
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পঞ্চায়েত ভোট পর্ব মেটার সাথে সাথে একুশের মঞ্চ বাঁধা শুরু করে দিয়েছে শাসক দল। জোরকদমে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল। শাসকদল সিদ্ধান্ত নিয়েছে, এবারের পঞ্চায়েত নির্বাচনের বিজয় উৎসব পালন করা হবে ওইদিনই। পাশাপাশি এই মঞ্চ থেকে কেন্দ্রের মোদী সরকার হঠানোর ডাক দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবার অন্তত একমাস আগে ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু করে তৃণমূল। কিন্তু এবছর পঞ্চায়েত ভোট থাকায় সেই প্রস্তুতি করে ওঠা সম্ভব হয়নি। তাই পঞ্চায়েত মিটতেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল। সাধারণত এই সময় কোনও ভোটের নির্ঘন্ট থাকে না। এবার ঘোর বর্ষাকালে পঞ্চায়েত নির্বাচন স্থির হয়েছে। ৮ জুলাই পঞ্চায়েতের ভোট, ১১ জুলাই গণনা। তার ঠিক ১০ দিনের মাথায় ধর্মতলায় শহিদ দিবস পালন করতে চলেছে ঘাস ফুল শিবির।
গতবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে প্রথমবার ২১ জুলাইয়ের মঞ্চে ভাষণ দিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ইতিমধ্যে দলের পক্ষ থেকে প্রচারের জন্য পোস্টারের থিম দেওয়া হয়েছে। আগামী বছর লোকসভা নির্বাচন। এর আগের লোকসভা নির্বাচনে তৃণমূল তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল ৪২-এ-৪২। পাশাপাশি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরা হয়েছিল দলের পক্ষ থেকে। ফলপ্রকাশের পর দেখা যায় এরাজ্যে বিজেপির ঝুলিতে চলে গিয়েছে ১৮টি লোকসভার আসন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আসন কমে থমকে যায় ২২টিতে। ২০১৯ লোকসভা নির্বাচনে বড়সড় ধাক্কা খায় জোড়াফুল শিবির।
সূত্রের খবর, এবারও ধর্মতলার একুশের মঞ্চ থেকে ২০২৪ লোকসভা নির্বাচনে দিল্লি থেকে মোদী সরকার হঠানোর ডাক দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দেখার বিষয় বিজেপি বিরোধী জোটের প্রতি কি বার্তা দেন তৃণমূল নেত্রী। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বক্তব্য রাখবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ভাষণ দেবেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী–সমর্থকরা সেদিন জড়ো হবেন ধর্মতলায়।
