
কলকাতা, ২১ আগস্ট : নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার নিজাম প্যালেসে ৫০ জন শিক্ষককে ডেকে পাঠিয়েছেন সিবিআই। এদিন সকাল থেকে একের পর এক শিক্ষক নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছতে শুরু করেছেন।
কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে খবর, এই শিক্ষকদের বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। এঁদের সবার জবানবন্দি রেকর্ড করা হবে। এর আগে মুর্শিদাবাদের চার শিক্ষকের বয়ান রেকর্ড করে তাঁদের সাক্ষী হিসাবে চার্জশিটে দেখিয়েছিল সিবিআই। কিন্তু তাতে আদালত সিবিআইয়ের উপর কিছুটা অসন্তুষ্টই হয়েছিল। আদালতের বক্তব্য ছিল, এঁরা সাক্ষী কেন? এঁদের অভিযুক্ত হিসাবে দেখাতে হবে। এ কথা বলেই আদালত ওই চার শিক্ষককে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল।
এর পর থেকেই দেখা যাচ্ছে, দফায় দফায় কিছু শিক্ষককে ডেকে পাঠাচ্ছে সিবিআই। এর আগে বাঁকুড়ার সাত জন শিক্ষককে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল। তার পর আরও ১২ জন শিক্ষককে জেরার জন্য ডাকা হয়। এবার এক সঙ্গে ৫০ জন শিক্ষককে নোটিস দিয়ে নিজাম প্যালেসে ডেকে পাঠাল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।
