
নরেন্দ্রপুর, ১৬ অক্টোবর: দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে পরোটা তৈরির দোকানে বিস্ফোরণে আহত হয়েছেন দু'জন। সোমবার সকালে আচমকাই এই বিস্ফোরণ হয়। নরেন্দ্রপুর থানার অন্তর্গত গঙ্গাজোয়ারা এলাকায় বিস্ফোরণ ঘটে। ঘটনায় খবর পেয়েই নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের প্রাথমিক অনুমান, কৌটো বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ১৮ ফুট দূরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আহত হয়েছেন সুজয় মন্ডল ও টুকটুকি মন্ডল নামে দু'জন। দোকানের মধ্যেই বোমা ছিল না-কি বাইরে থেকে ছোড়া হয়েছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
