kolkata

2 years ago

Suvendu Adhikari:বিডিওদের কালো গোলাপ এবং মিষ্টির প্যাকেট বিতরণ বিজেপি-র

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

হাওড়া, ১৭ জুলাই  : পঞ্চায়েত নির্বাচনে যথেচ্ছ ‘লুঠ ও অনিয়মের’ অভিযোগ তুলে এবার সমস্ত বিডিও অফিসে কালো গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেট বিতরণ করতে চলেছে বিজেপি। সোমবার হাওড়া জেলার পাঁচলা বিডিও অফিস থেকে এই কর্মসূচি শুরু করলেন বিরোধী দলনেতা ও বিধায়ক শুভেন্দু অধিকারী।

পঞ্চায়েত নির্বাচন একটা 'প্রহসন' হয়েছে, সে দাবি আগেই তুলেছিল বিজেপি। এবার শুভেন্দুবাবুর নেতৃত্বে নতুন প্রতিবাদ কর্মসূচি শুরু বিজেপির। এদিন বেলা দেড়টা নাগাদ হাওড়া জেলার পাঁচলা বিডিও অফিসে যান শুভেন্দু। বিডিও এদিন অফিসে সেই সময় উপস্থিত ছিলেন না। গোলাপ ও মিষ্টি বিতরণ কর্মসূচী কোনও পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল না। হঠাৎই এদিন হাওড়া জেলার পাঁচলা অফিসে গিয়ে হাজির হন শুভেন্দু অধিকারী।

বিডিওকে না পেয়ে যুগ্ম বিডিওকে একটি কালো গোলাপ এবং একটি মিষ্টির প্যাকেট তুলে দেন শুভেন্দুবাবু। শুভেন্দুবাবুকে কটাক্ষের সুরে যুগ্ম বিডিওকে বলতে শোনা যায়, 'আপনারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র রক্ষা করেছেন। তার জন্য এই ফুল আর মিষ্টি দিয়ে গেলাম।'

পরে সাংবাদিকদের শুভেন্দুবাবু বলেন, 'এরা এত সুন্দর গণনা করেছে, মমতাময়ী নির্মমতাকে সব ভোট লুঠ করে উপহার দিয়েছে। চৌর্য বৃত্তির কাজে যুক্ত গোটা পশ্চিমবাংলার বিডিওরা।' আগামী দিনে অন্যান্য জায়গাতেও বিজেপি নেতৃত্ব কালো গোলাপ ফুল এবং মিষ্টির প্যাকেট বিডিওদের হাতে তুলে দেওয়া হবে।

পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই শুভেন্দুবাবু জানিয়েছিলেন, এই ফলাফলের পর্যবেক্ষণের কোনও প্রয়োজন নেই। পঞ্চায়েত নির্বাচন আদৌ সুষ্ঠু ভাবে হয়নি, সব জায়গাতেই লুঠ হয়েছে বলে দাবি তাঁর। প্রায় ৬ হাজার বুথে নতুন করে নির্বাচন করার বিষয়ে আদালতে দ্বারস্থ হয়েছে বিজেপি।

পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কর্মীরা ছাড়াও সরকারি আধিকারিকদের একাংশ কারচুপিতে যুক্ত ছিলেন বলে মনে করছেন তিনি। ভোটে কারচুপি করতে তাঁরা অনেকটা সাহায্য করছেন বলে দাবি করেন শুভেন্দুবাবু।



You might also like!