
কলকাতা, ১৩ জুন : মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির মুখোমুখি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরা দিতে পারছেন না জানিয়ে আইনজীবী মারফৎ চিঠি পাঠাবেন বলে সূত্রের খবর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঘনিষ্ঠ মহলে অভিযোগ করেছেন, তাঁর জনসংযোগ কর্মসূচি বারবার আটকানোর চেষ্টা করা হচ্ছে। সেই জন্যই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বারে বারে হেনস্থা করা হচ্ছে ৷ গত বৃহস্পতিবার ইডি-র ডাকে বেলা প্রায় বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজির হন রুজিরা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সাড়ে চার ঘন্টায়একাধিক বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে। এরপর সেদিনই ইডি সমন করে রুজিরার স্বামী অভিষেককে।
’কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি!', নিয়োগ দুর্নীতিতে ইডির নোটিস নিয়ে পাল্টা আক্রমণে যান অভিষেক। অভিষেক নদিয়ার কালিগঞ্জ থেকে স্পষ্ট বলে দেন, তাঁর ঠিকানায় চিঠি আসেনি। মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। তাঁর বক্তব্য, ',পঞ্চায়েতের পর দেখা যাবে'।
'আমার স্ত্রীকে ছাড়ার ১৫ মিনিট পর আমাকে নোটিস ইডির, নবজোয়ার শেষ হওয়ার পর আমাকে ডাকার অনুরোধ করেছিলাম সিবিআইকে। সিবিআই-ইডির বিরুদ্ধে আমার কোনও অভিমান নেই, ওরা ওদের ডিউটি করছে। কিন্তু আমরা যখন মানুষের সমর্থন পাচ্ছি, তখন হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে'। চাঁচাছোলা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
তাঁর অভিযোগ, 'নবজোয়ার কর্মসূচিকে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার সময়ই আমাকে নোটিস পাঠানো হয়।' সাংসদ মনে করিয়েছেন, 'আগেও আমাকে ৯-১০ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দিল্লিতেও তলব করেছিল, গিয়েছি। ৮ জুলাইয়ের পর ডাকলে যাব।' কিন্তু যে ভাবে তাঁকে ব্যতিব্যস্ত করার চেষ্টা চলছে, তাতে তিনি যারপরনাই ক্ষুব্ধ।
