kolkata

2 years ago

Dengue in Kolkata: ডেঙ্গিতে ফের মৃত্যু হল কলকাতায়, বাড়ছে উদ্বেগ

death due to dengue in Kolkata (Symbolic Picture)
death due to dengue in Kolkata (Symbolic Picture)

 

কলকাতা, ২৯ জুলাই : ডেঙ্গি নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে। ডেঙ্গিতে ফের মৃত্যু হল কলকাতায়। মৃতার নাম, অনিমা সর্দার। তিনি বারুইপুরের বাসিন্দা ছিলেন। ওই মহিলা এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কলকাতা পুরসভার ১২৫ নম্বর ওয়ার্ডের ঠাকুরপুকুরে কয়েক মাস ধরে ভাড়া ছিলেন অনিমাদেবী। তিনি পরিচারিকার কাজ করতেন। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। তাঁকে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার অবস্থার অবনতি হওয়ায় এম আর বাঙুরে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রের খবর, ডেঙ্গি হেমারেজিক ফিভারে আক্রান্ত হয়ে শকে চলে গিয়েছিলেন অনিমাদেবী। শুক্রবার তাঁর মৃত্যু হয়। ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় রাজ্যের মুখ্যসচিব থেকে শুরু করে কলকাতার মেয়র প্রতিনিয়ত বৈঠকে বসছেন। একের পর এক নির্দেশিকা জারি করছে স্বাস্থ্য দফতর। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।

একটি অনুষ্ঠানে জনগণ মেয়রের কাছে মশার উপদ্রব বেড়ে যাওয়া নিয়ে অভিযোগ জানান। অনুষ্ঠান শেষে মেয়র জানান, শহরে অনেক বাড়ি তালাবন্ধ পড়ে থাকে। সেখানে পুরসভা সহজে ঢুকতে পারে না। বহু জমির মালিককেই খুঁজে পাওয়া যায় না। সেখানে লোকেরা ময়লাও ফেলেন। ওই সমস্ত জায়গায় মশার উপদ্রব বাড়ছে। তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পুরসভা সার্বিকভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে।

এদিকে, ঊর্ধ্বমুখী ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে সব জেলা কর্তাদের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার দু’দফার বৈঠকের পরে শুক্রবার ফের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে সব জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।


You might also like!