
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৫ বৈশাখ পালিত হতে চলেছে গেরুয়া শিবিরে। ২৫ বৈশাখ উপলক্ষে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে বঙ্গ বিজেপি শিবির। সেখানে প্রধান আকর্ষণ স্বরাষ্ট্রমন্ত্রী। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে উক্ত দিনের অনুষ্ঠানটি।
২৫ বৈশাখের এই অনুষ্ঠানের প্রধান আয়োজক ‘খোলা হাওয়া’। এই সংগঠনটি তৈরি করেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। উল্লেখ্য,কিছু দিন আগে এই সংগঠনই আরও একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল, যেখানে প্রধান বক্তা হিসাবে এসেছিলেন ‘কাশ্মীর ফাইল্স’ ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছিলেন বলিউড অভিনেতা অনুপম খেরও। সেই অনুষ্ঠান নিয়ে যথেষ্ট বিতর্কের সৃষ্টি হয়, এবার সেই ‘খোলা হাওয়া’ই রবীন্দ্রজয়ন্তী পালনের পরিকল্পনা করেছে।
সূত্রের খবর,আগামী ৮ মে অর্থাৎ ২৪ বৈশাখ শাহ রাজ্যে আসবেন। সে দিন তাঁর মুর্শিদাবাদে জনসভা করার কথা। ৯ তারিখ, রবীন্দ্রজয়ন্তীর দিন সকালে তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যেতে পারেন। এর পর বিভিন্ন সাংগঠনিক বৈঠক করার কথা তাঁর। ওই দিন সন্ধ্যায় শাহ যোগ দেবেন গেরুয়া শিবিরের সাংস্কৃতিক অনুষ্ঠানে। রবীন্দ্রসন্ধ্যায় শাহ ছাড়াও থাকবেন বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। থাকবেন স্বপন দাশগুপ্তও।ঋতুপর্ণা ছাড়াও অনুষ্ঠানে থাকবেন শিল্পী তনুশ্রী শঙ্কর, সোমলতা আচার্য, মেধা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ৯ মে বিকেল ৫টা থেকে এই অনুষ্ঠানটি শুরু হবে।
বাংলায় গেরুয়া শিবির নিজেদের স্থান আরো শক্ত করতে ইতি মধ্যেই বেশ উদ্যোগী। যে কারনে কেন্দ্রের গেরুয়া নেতা মন্ত্রীরা ঘনঘন বাংলায় পাড়ি জমাচ্ছেন।
