
নয়াদিল্লি, ৩০ মার্চ : এগিয়ে আসছে ২০২৩ বিশ্বকাপ। সেই মেগা টুর্নামেন্টে বাংলাদেশের মাটিতে এসে খেলতে পারে পাকিস্তান। একটি ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইটের খবর সেরকমই।পঞ্চাশ ওভারের বিশ্বকাপ এবার হবে ভারতের মাটিতে। কিন্তু ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। সেই কারণেই ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান। তবে বাবর বাংলাদেশে গিয়ে খেলতে আগ্রহী। এ নিয়ে কথাবার্তাও শুরু হয়ে গিয়েছে।
বিশ্বকাপের আগে রয়েছে এশিয়া কাপ। পাকিস্তানের মাটিতে এবার হচ্ছে টুর্নামেন্ট। কিন্তু ভারত যাবে না পাকিস্তানে। নিরাপত্তার কারণে ভারতের ম্যাচগুলি অন্য কোনও দেশে সরিয়ে দেয়া হবে, এমনটাই খবর। বিশ্বকাপেও এশিয়া কাপ মডেল অবলম্বন করা হতে পারে। উল্লেখ্য, শেষ বার ২০১৬ সালে ভারতের মাটিতে খেলতে গিয়েছিল পাকিস্তান। সেবারও টি-২০ বিশ্বকাপের আয়োজন করেছিল ভারত।
ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হবে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। প্রয়োজনে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পাকিস্তানের পরিবর্তে অন্য কোনও দেশকে দেয়া হোক, এমন দাবিই করেছিলেন তিনি। যা নিয়ে তীব্র চর্চা হয়। তবে এশিয়া কাপে ভারতের খেলাগুলি কোথায় হবে? আপাতত চার-পাঁচটি দেশের নাম নিয়ে আলোচনা চলছে। দৌড়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের নাম। এছাড়াও আলোচনায় রয়েছে ওমান ও শ্রীলঙ্কা।
