
সৌদি, ২৪ এপ্রিল : ম্যাচ চলাকালীন অশালীন অঙ্গিভঙ্গি ও অখেলোয়াড় সুলভ আচরণ-এর জন্য শাস্তির আশঙ্কা ছিলই পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। মাঠে এইরকম আচরণের জন্য হলুদ কার্ড দেখলেও তাঁর এত লঘু শাস্তি মেনে নিতে পারছিলেন না অনেকেই।
সূত্রের খবর, আল নাসের-এর পর্তুগিজ তারকা যে এত তাড়াতাড়ি এই ঘটনা থেকে মুক্তি পাবেন না বলেই মনে করছেন অনেকেই। কেননা রোনাল্ডোর বিরুদ্ধে এবার সরব হয়েছেন সৌদি আরবের শীর্ষ আইনজীবী নউফ বিনতে আহমেদ। তিনি দাবি করেছেন, সিআর সেভেন সৌদির নিয়ম ভঙ্গ করেছেন। তার অপরাধে পর্তুগিজ তারকাকে কঠিন শাস্তি দেওয়ার দাবিও তুলেছেন তিনি। নউফ মনে করেন, রোনাল্ডো সৌদির নাগরিক নন, তা সত্ত্বেও তিনি যে ধরনের অপরাধ করেছেন তাতে তাঁকে গ্রেফতার করা উচিত।
উল্লেখ্য, আল হিলালের বিপক্ষের ম্যাচে রোনাল্ডো রেসলিং স্টাইলে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে ফাউল করেন। যা ফুটবলের আইনের বিরুদ্ধে। তাই পর্তুগিজ তারকাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। এবং সেই ম্যাচে পরাজয়ের পর গ্যালারি থেকে রোনাল্ডোর উদ্দেশে দর্শকাসন থেকে মেসি মেসি স্লোগান তোলেন বেশ কিছু দর্শক, যা শুনে তাঁদের উদ্দেশে বিশ্রি অঙ্গভঙ্গি করেন সিআর সেভেন।
