
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ'ফাইনালে অমন দুর্ভাগ্যজনক হারের পর সেই ক্ষত থেকে বেরিয়ে আসতে বেশ খানিকটা সময় লেগেছিল'। বিশ্বকাপের ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে টিম ইন্ডিয়ার হারের দগদগে স্মৃতি নিয়ে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা।
মুম্বই ইন্ডিয়ান্সের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিয়োতে রোহিতকে বলতে শোনা যায়, "এতটাই ধাক্কা খেয়েছিলাম মানসিকভাবে যে, মনে হয়েছিল, যেভাবেই হোক এর থেকে বেরিয়ে আসতেই হবে। তারপর আমি দেখলাম, বহু মানুষ আমার কাছে এসে, আমাদের কাছে এসে আন্তরিকভাবে আমাদের দল নিয়ে নিজেদের অনুভূতির কথা জানাচ্ছেন। তাঁদের গলায় আগাগোড়া আমাদের প্রতি সমর্থনের সুরই ছিল"।
তিনি বলেন, "যেখানে গিয়েছি, সেখানেই মানুষ দু'হাত তুলে সমর্থন জানিয়েছেন। আমাদের ভালবাসা নিয়েছেন। সেই অনুভূতি ভোলার নয়। কিন্তু, তা সত্ত্বেও, ওইভাবে বিশ্বকাপ হেরে যাওয়ার স্মৃতি মন থেকে কিছুতেই মুছে ফেলা যায় না"।
হিটম্যানের কথায়, "ফাইনালে হেরে যাওয়ার পরেও টিম ইন্ডিয়ার কোটি কোটি সমর্থক কোনওরকম ক্ষোভ বা বিদ্বেষ না উগড়ে আমাদের প্রতি নিজেদের ভালবাসা উজাড় করে দিচ্ছেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া"।
