
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দীপক টাঙ্গরি, জেসন কামিন্স ও শুভাশিস বসু। এই ত্রিফলায় ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য মোহনবাগান। শুক্রবার গুয়াহাটিতে নর্থ-ইস্ট ইউনাইটেডকে তিন-এক গোলে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে কলকাতায় ফিরছে সবুজ-মেরুন। যদিও চার মিনিটের মাথায় গোল হজম করতে হয়েছিল বিশাল কায়েতকে।
বড় ব্যবধানে জয়ের পাশাপাশি গুয়াহাটির মাঠে বাগানের আশার আলো দিমিত্রি পেত্রাতোসের মাঠে ফেরা। এদিন প্রথম একাদশে না থাকলেও বদলি হিসাবে মাঠে নামেন মোহনবাগানের প্রাণভ্রমরা। চোট সারিয়ে মাঠে ফিরেছেন অনিরুদ্ধ থাপাও। বদলি হিসাবেই মাঠে নেমেছেন হুগো বুমোও।
ম্যাচের ১৪ মিনিটে দীপক টাঙ্গরির গোলে সমতায় ফেরে গতবারের চ্যাম্পিয়নরা। ২৮ মিনিটে ব্যবধান বাড়ান বিশ্বকাপার কামিন্স। ৭১ মিনিটে তৃতীয় গোল শুভাশিসের। এই জয়ের ফলে সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে রইল সবুজ-মেরুন।
