
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুপার কাপ চ্যাম্পিয়ন হল ওডিশা এফসি। কোঝিকোড়ে ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামের মাঠে ব্যাঙ্গালোর এফসিকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপের খেতাব জিতে নিল মহানদীর তীরের দল।। সেই সঙ্গে এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জনের সুযোগও পেল চ্যাম্পিয়নরা। ওডিশার জয়ের নায়ক মৌরিসিও। এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের জোড়া গোলেই স্বপ্নভঙ্গ হল সুনীলদের।
ফাইনাল ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে শুরু করে ওডিশা। দ্রুত গোল তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার রণকৌশল নিয়েছিলেন ক্লিফোর্ড মিরান্ডার দল।২৩ মিনিটে ওডিশার হয়ে প্রথম গোল করলেন দিয়াগো মৌরিসিও। ৩৭ মিনিটে ফের গুরপ্রীতকে পরাভূত করেলন ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার। ফলে প্রথমার্ধে ২ গোলের লিড নিয়েই সাজঘরে ফেরে ওডিশা।
২ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের চাপ বাড়ায় ব্যাঙ্গালোর। সুনীল-রয় কৃষ্ণরা সুযোগ তৈরি করলেও ওডিশার রক্ষণে বার বার আটকে গেলেন। তবে ৮৫ মিনিটে পেনাল্টি থেকে একটি শোধ করলেন সুনীল ছেত্রী।শেষ দিকে সন্দেশের হেড পোস্টে লাগল।শেষ পর্যন্ত রক্ষণকে জমাট রেখেই ট্রফি জিতে নিল ওডিশা।
আইএসএল ফাইনালে টাইব্রেকারে এটিকে মোহনবাগানের কাছে হারতে হয়েছিল সুনীল ছেত্রীদের। এই টুর্নামেন্টেরগ্রুপ পর্বে শ্রীনিধি ডেকান, কেরল ব্লাস্টার্স এফসি ও রউন্ডগ্লাস পাঞ্জাব এফসি-কে পিছনে ফেলে শেষ চারে জায়গা করে নেয় বিএফসি। সেমিফাইনালে জামশেদপুর এফসি-কে হারিয়ে খেতাবি লড়াইয়ে ওডিশার মুখোমুখি হয় বেঙ্গালুরু।
অন্যদিকে নর্থ ইস্টকে সেমিফাইনালে হারিয়ে প্রথমবার সর্বভারতীয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ওডিশা। প্রথমবার ফাইনালে উঠেও ট্রফি জিতে নিল ওডিশা। আইএসএল জিতেছিল কলকাতার এটিকে মোহনবাগান। এবার সুপার কাপ জিতল পড়শী রাজ্যের দল ওডিশা।
সুনীল ছেত্রীর অধিনায়কত্বে ব্যাঙ্গালোর দল এই নিয়ে দ্বিতীয় সুপার কাপ ফাইনাল খেলল। ভুবনেশ্বরে৫ বছর আগে প্রথম সুপার কাপ বিএফসি। কিন্তু এবার খালি হাতেই ফিরতে হল সুনীলদের। আইএসএলের পর সুপার কাপ, রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল নীল জার্সিধারীদের।
