
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দলের পরাজয় ঘটলেও নজির গড়েছেন সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি সিরিজ়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনিই ভারতের অধিনায়ক। কুড়ি-বিশের ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড ভেঙেছেন সূর্য। অন্য দিকে ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলিকে।
প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩৬ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন সূর্য। ৫টি চার ও ৩টি ছক্কা মেরেছেন তিনি। সূর্যই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে অর্ধশতরান করেছেন। এর আগে দক্ষিণ আফ্রিকায় তাদের বিরুদ্ধে অধিনায়ক হিসাবে সব থেকে বেশি রান ছিল ধোনির। যদিও তিনি অর্ধশতরান করতে পারেননি। ধোনিকে ছাপিয়ে গিয়েছেন সূর্য।
বিরাটের নজির ছুঁয়েছেন সূর্য। ভারতীয় ব্যাটারদের মধ্যে সব থেকে কম ম্যাচে টি-টোয়েন্টিতে ২০০০ রান করেছিলেন বিরাট। সেই কীর্তি করতে ৫৬টি ইনিংস লেগেছিল তাঁর। সূর্যও ৫৬টি ইনিংসে ২০০০ রান করেছেন। এই ম্যাচের আগে ৫৫টি ইনিংসে সূর্যের রান ছিল ১৯৮৫। মঙ্গলবার বিরাটকে ছুঁয়ে ফেলেছেন তিনি।
