
মারকানা, ২২ নভেম্বর : ম্যাচ শুরুর আগেই স্ট্যান্ডে দর্শকদের মধ্যে তুমুল মারামারি। উত্তপ্ত গ্যালারি ঠাণ্ডা হলে আধ ঘণ্টা পর ম্যাচ শুরু হয়। প্রথম অর্ধে লড়াই হল সাদামাটা। বিরতির পর জমল দুই পরাশক্তির দ্বৈরথ। আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন নিকোলাস ওতামেন্দি। এই অর্ধে লাল কার্ড দেখলেন ব্রাজিলের ওয়েলিংতন। ঘটনাবহুল ম্যাচে ঐ একমাত্র গোলটি ধরে রেখে আর্জেন্টিনা মারাকানায় জয়ের উৎসবে মাতল।
রিও দে জেনেইরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়ামে আজ বুধবার সকাল সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা ছিল সুপার ক্লাসিকোর। অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে টানা চার জয়ের পর আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে জয়ে ফিরল লিওনেল স্কালোনির দল। ছয় ম্যাচে থেকে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান মজবুত করল তারা। আর টানা তৃতীয় হারের তেতো স্বাদ পেল ফের্নান্দো জিনিসের দল। এর ফলে তারা নেমে গেল ষষ্ঠ স্থানে।
