
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফের বিপাকে মহুয়া মৈত্র। সাংসদ পদ থেকে বহিষ্কৃত হওয়ার পর আবার নতুন করে সমস্যার মুখোমুখি তিনি। এবার তাঁকে দিল্লির বাংলো খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হল। আগামী ৩০ দিনের মধ্যে বাসভবন ছাড়তে হবে তৃণমূল নেত্রীকে।
দিল্লির ৯বি, টেলিগ্রাফ লেন, এইচ সি মাথুর লেনের বাংলোতে থাকেন মহুয়া মৈত্র। ২০১৯ সালে কৃষ্ণনগর থেকে তৃণমূলের টিকিটে জয়ের পরই তিনি সাংসদ হিসেবে এই বাংলোতে থাকার সুযোগ পান। একইসঙ্গে সেখানে তিনি পেতেন টেলিফোন কানেকশন, দেড় লাখ ফোনকল, ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ এবং ৪ হাজার কিলোলিটার জলের পরিষেবাও। সেগুলিও ছেড়ে দিতে হবে মহুয়াকে। পাশাপাশি, বিনামূল্যে ট্রেন এবং বিমানের টিকিট আর পাবেন না সদ্য বহিষ্কৃত এই সাংসদ। গাড়ি কেনার জন্য যে বিশেষ সুবিধা পেতেন তাও আর পাবেন না কৃষ্ণনগরের জনপ্রতিনিধি।
একইসঙ্গে সাংসদের বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন না মহুয়া মৈত্র। মাসে প্রায় ১ লাখ টাকা বেতন পান ভারতের সাংসদরা। সংসদ এলাকায় খরচের জন্য বরাদ্দা আরও ৭০ হাজার টাকা। এ ছাড়াও অফিস চালানোর জন্য সাংসদদের দেওয়া হয় ৬০ হাজার টাকা। যার মধ্যে ৪০ হাজার টাকা কর্মীদের বেতন এবং ২০ হাজার টাকা অফিস চালানোর খরচ। সবমিলিয়ে মাসে ২ লাখ ৩০ হাজার টাকা বেতন পেতেন মহুয়া। এই সমস্ত সুযোগ সুবিধা বন্ধ হয়ে যেতে পারে বলে তাঁর বহিষ্কারের পর।
