
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৩ ডিসেম্বর সংসদে রংবোমা নিয়ে তাণ্ডব চালানোর ঘটনায় এবার ফেসবুকের মূল সংস্থা ‘মেটা’কে চিঠি পাঠাল দিল্লি পুলিশ। সূত্রের খবর, নতুন সংসদ ভবনের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ধৃত ছয় অভিযুক্তের ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে দেখেতে চান তদন্তকারীরা। দেখতে চান ফেসবুক পেজ ‘ভগৎ সিংহ ফ্যান ক্লাব’ও। আর সেই কারণেই ফেসবুকের মূল সংস্থা ‘মেটা’কে চিঠি পাঠাল দিল্লি পুলিশ।
তদন্তকারীদের অনুমান, ‘ভগৎ সিংহ ফ্যান ক্লাব’ নামের ওই পেজে অভিযুক্তদের আলাপ হয়েছিল। সেখানে সংসদ ভবনে হানা দেওয়ার ছক কষা হয়েছিল বলেও অনুমান করছেন তদন্তকারীরা। কিন্তু পরে সেই অ্যাকাউন্টটি ফেসবুক থেকে মুছে ফেলা হয়। আর সেই কারণে ওই পেজের বিশদ জানতে চেয়ে মেটাকে চিঠি পাঠিয়েছে দিল্লি পুলিশ।
মেটার কাছে অভিযুক্তদের হোয়াটসঅ্যাপ চ্যাট পাঠানোর অনুরোধও তদন্তকারীরা করেছেন বলে জানা গিয়েছে। সূত্র মারফত এ-ও জানা গিয়েছে, পুলিশ অভিযুক্তদের হোয়াটসঅ্যাপ নম্বরগুলির সঙ্গে সংযুক্ত ইমেল অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখার পরিকল্পনা করছে।
সংসদে রংবোমা নিয়ে তাণ্ডব চালানোর ঘটনায় অভিযুক্তেরা কোথাও থেকে টাকা পেয়েছিলেন কি না, তা খুঁজে বার করতে অভিযুক্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানীয়েছে।
উল্লেখ্য, সোমবার পুলিশের স্পেশাল সেলের একটি দল মাইসুরুতে অভিযুক্ত মনোরঞ্জন ডি-র বাড়িও যায়। মনোরঞ্জনের বাড়িতে প্রায় সাত ঘণ্টা ছিলেন তদন্তকারীরা। সেখান থেকে বেশি কিছু নথি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে এ-ও জানা গিয়েছে যে, অভিযুক্তদের অ্যাকাউন্টে কোনও ডিজিটাল লেনদেন হয়েছিল কি না, তা দেখতে ‘গুগল পে’ এবং ‘পেটিএম’-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
