
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের মামুদপুর, সাহাপুর-সহ বিস্তীর্ণ এলাকায় বেশ কিছুদিন ধরে পানীয় জলের কল থেকে ছোট ছোট কেঁচো ও পোকামাকড় বেরোচ্ছে।
এলাকার অধিকাংশ মানুষ গরিব। জল কিনে খাওয়ার মতো অবস্থা নেই। ফলে বাধ্য হয়ে রাস্তার পাশের সরকারি টাইম কল থেকে বেরোনো ওই নোংরা জলই তাঁদের খেতে হচ্ছে।
এলাকার বাসিন্দা রাধিকা প্রামাণিক বলেন, ‘আমাদের এলাকার সরকারি টাইম কলের জল একদিন বাদে একদিন আসে। কয়েক দিন হলো জলের কল থেকে জলের সঙ্গে কেঁচো ও পোকামাকড় বেরোচ্ছে। বাধ্য হয়ে ওই জল আমাদের খেতে হচ্ছে। বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনও কাজ হয়নি।’ হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান লতিফ গাজি বলেন, ‘পানীয় জলে পোকা আসছে বলে শুনেছি। পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরকে জানানো হয়েছে। আশা করি খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে।’
