
জলপাইগুড়ি, ২১ ফেব্রুয়ারি : জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে লরি ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেব ৩ জন। মঙ্গলবার সকালে ট্রেলারে চেপে দোমোহনীর দিকে যাচ্ছিলেন প্রায় ২০ জন শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, উল্লাডাবরি এলাকায় ট্রেলার এবং লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সংঘর্ষের জেরে ট্রেলার থেকে ছিটকে পড়ে যান ২০ জন শ্রমিক। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে, বাকি শ্রমিকরা আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হতাহত শ্রমিক রেলের কাজ করেন বলে জানা গিয়েছে। শ্রমিকদের উদ্ধার করেন স্থানীয়রাই। প্রথমে তাঁদের ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ওই শ্রমিকদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে।
