
পশ্চিম বর্ধমান, ৮ এপ্রিল : শুক্রবার গভীর রাতে বিকট বিস্ফোরণে উড়ে গেল বাড়ির রান্নাঘরের টিনের চাল। কুলটি থানার সাকতোড়িয়ার ময়লাগাদা এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পারিবারিক শত্রুতায় বিস্ফোরণ বলেই দাবি গৃহকর্ত্রীর। যদিও স্থানীয়দের মত, বাড়িতে বিস্ফোরক মজুত করা ছিল। তাতেই বিস্ফোরণ।
গৃহকর্ত্রীর দাবি, শুক্রবার রাত ২টোয় আচমকা বিকট শব্দে ঘুম ভেঙে যায় তাঁদের। পরিবারের সদস্যরা দেখেন রান্নাঘরের চাল উড়ে গিয়েছে। আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে যান তাঁরা। স্থানীয়রাও জড়ো হয়ে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিশ। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক শুভাশিস ঘাসি এবং তাঁর ছেলেকে আটক করে। স্থানীয়দের দাবি, ওই বাড়ির ভিতরে ডিনামাইট বা কোনও বিস্ফোরক মজুত করা ছিল। তা থেকেই বিস্ফোরণ। যদিও সেই দাবি খারিজ করেছেন গৃহকর্ত্রী। দাবি, পারিবারিক শত্রুতার জেরে তাঁর ননদ বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করেছে। বিস্ফোরক নাকি পারিবারিক শত্রুতা, বিস্ফোরণের নেপথ্য কারণের খোঁজ করছে পুলিশ।
