আলিপুরদুয়ার, ৩০ মার্চ : আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে হাতির হানায় প্রাণ হারালেন এক ব্যক্তি। বুধবার রাতে এই ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের লছমন ডাবরি এলাকায়। মৃতের নাম বাবলু রহমান। বুধবার রাতে নিজের বাড়ি থেকে বাইরে হাঁটতে বেরিয়েছিলেন বাবলু। হঠাৎ বাড়ির পাশের কুঞ্জনগর জঙ্গল থেকে বেরিয়ে পড়ে হাতিটি। বাবলুকে সামনে দেখে তাঁর উপর আক্রমণ করে সে। শুঁড় দিয়ে তাঁর হাত পেঁচিয়ে ছিঁড়ে দেয় দাঁতালটি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় বাবলুকে।
তার পর নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু তাঁর শারীরিক অবস্থা শোচনীয় দেখে ওই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়। অন্য হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় বাবলুর। বাবলুর মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় যান ময়রাডাঙ্গা বিটের বন কর্মীরা। বন দফতরের কর্মীদের দেখা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বন দফতর সূত্রে খবর, যথাযথ নিয়মকানুন মেনে বাবলুর পরিবারের সদস্যরা আবেদন করলে তাদের তরফে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।