
পশ্চিম মেদিনীপুর, ৬ মে : আর কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। তার আগে কুড়মি সমাজের বার্তা দেওয়ালে দেওয়ালে লিখে দিচ্ছেন তাঁরা। রাজনৈতিক দলগুলিকে তাঁদের ঘরের দেওয়ালে কোনওরকম প্রচার বা দেওয়াল লিখতে না বলা হয়েছে। কুড়মি সমাজের ঘাঘর ঘেরা আন্দোলনের অংশ হিসাবে ‘আমার দেওয়াল আমার থাক’ কর্মসূচি শুরু হয়েছে মেদিনীপুর জেলাজুড়ে।
সারনা ধর্মকে স্বীকৃতি-সহ একাধিক দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল আদিবাসী কুড়মি সমাজ। রেল থেকে শুরু করে পথ অবরোধে সামিল হয়েছিলেন তাঁরা। কিন্তু কোনও সমাধান না মেলায় অবশেষে কড়া পথে হাঁটতে চলেছে তারা। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলিকে বয়কটের বার্তা দিতে শুরু করেছে পশ্চিম মেদিনীপুরের কুড়মি অধ্যুষিত এলাকার মানুষজন। শুরু হয়েছে দেওয়াল লিখন। যেখানে স্পষ্টভাবে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে, ‘দেওয়ালে যে কোনও রাজনৈতিক প্রচার নিষিদ্ধ।’ কুড়মিদের এমন দেওয়াল লিখনে স্বাভাবিকভাবে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
বিশেষত যেখানে কুড়মি সমাজের বাস সেই এলাকাগুলিতে দেওয়ালে বার্তা দেওয়া হচ্ছে, ‘অল ওয়াল ফর কুড়মি। দেওয়ালে যে কোনও রাজনৈতিক প্রচার নিষিদ্ধ।’ পঞ্চায়েত ভোটের আগে এমন বার্তায় শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া, রাজ্য সরকার অনেক উন্নয়ন করেছে। সেদিকে নজর রেখে সকলের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পাশে থাকা।
