
বারাকপুর, ১৯ ফেব্রুয়ারি : তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি। রবিবার সকালে উত্তর ২৪ পরগনার জগদ্দলে ঘটনাটি ঘটে। জখম তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ছুটির দিন সকালে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ তৃণমূল নেতার নাম অশোক সাউ। রবিবার সকালে তিনি বাজার করতে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। মোট তিন রাউণ্ড গুলি চলে। দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি গুলি তাঁর দেহে লাগে। তৃণমূল নেতার পিঠে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তড়িঘড়ি অশোক সাউকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে নিয়ে গেলে তাঁর চিকিৎসা শুরু করেন চিকিৎসক।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন বারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়াও। তিনি স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। জখম তৃণমূল নেতা অশোক সাউ জানান, বেশকিছু দিন ধরে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল। তার মাঝে রবিবার ছুটির দিনে বাজার করতে যাওয়ার সময় এমন ঘটনা ঘটে গেল। কে বা কারা গুলি চালালো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দুষ্কৃতিদের খোঁজে তৎপরতা শুরু করেছে পুলিশ।
