
কলকাতা, ১০ মে : পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) বিপুল পরিমাণ হেরোইন সহ পাঁচ পাচারকারীকে আটক করেছে। বুধবার সকালে এসটিএফের এসপি আইপিএস ইন্দ্রজিৎ বসু এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার দমদম থানার অন্তর্গত বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের মুনলাইট হোটেলের কাছে বালি অভিমুখে দুটি গাড়ি থামানো হয়েছিল। এই গাড়ির মধ্যে মাদক পাচারের তথ্য আগেই পাওয়া গেছে। স্থানীয় থানার পুলিশের সহযোগিতায় গাড়ি দুটিতে তল্লাশি চালিয়ে আড়াই কেজি হেরোইন উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। গাড়ি দুটি বাজেয়াপ্ত করার পাশাপাশি গভীর রাতে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা শাবির আহমেদ, সুমন শেখ, গোবিন্দ মণ্ডল, অজয় পাল এবং সুজন শেখ । দমদম থানায় এনডিপিএস আইনের ধারায় মামলা নথিভুক্ত করে তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
