
আসানসোল, ১৮ ফেব্রুয়ারি : শুক্রবার ভর সন্ধ্যায় এক হোটেলের মালিককে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ ওঠে আসানসোলে। ঘটনায় বেসরকারি হোটেলের মালিক অরবিন্দ ভগৎ গুলিবিদ্ধ হন। দুষ্কৃতীরা হোটেলে ঢুকে গুলি চালায়। ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি-কে।
শনিবার দুপু্র পর্যন্ত পুলিশ কিনারা করা তো দূরের কথা, কাউকে গ্রেফতারও করতে পারেনি। যদিও এই ঘটনায় আসানসোলের বিভিন্ন জায়গার পাশাপাশি সীমান্ত এলাকাতেও রাতভর নাকা তল্লাশি চলেছে বলে পুলিশের দাবি।
শনিবার ঘটনাস্থলে যায় সিআইডির এক প্রতিনিধিদল। ওই দলে ছয় জন সদস্য রয়েছে। স্থানীয় পুলিশের পাশাপাশি সিআইডিও ঘটনার তদন্ত শুরু করেছে। সিআইডি আধিকারিকরা হোটেলের কর্মচারী, মালিকের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। নিহত হোটেল মালিক অরবিন্দ ভগতের কতেকজন বন্ধুর সঙ্গেও সিআইডি আধিকারিকরা কথা বলেন। শনিবারও এলাকা ছিল যথেষ্ট থমথমে। বেশ কিছু দোকানপাটও বন্ধ থাকতে দেখা যায়। আতঙ্কে রয়েছেন এলাকায় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
