
বনগাঁ, ৪ নভেম্বর : রেশন দুর্নীতি মামলার তদন্তে রাজ্যের একাধিক জায়গায় ইডির অফিসাররা হানা দিয়েছেন বলে জানা যাচ্ছে। শনিবার সাত সকালে বনগাঁয় একটি আটাকল ও ওই আটাকলের মালিকের বাড়িতে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বনগাঁর রাধাকৃষ্ণ রাইস মিলে কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের নিয়ে সদলবলে হানা দিয়েছেন ইডির অফিসাররা। এই আটাকল বা এই আটাকলের মালিকের সঙ্গে খাদ্য দফতরের কী লিঙ্ক রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্র ধরেই, যাবতীয় বিষয়টি খতিয়ে দেখতে শনিবার সাতসকালে ইডি হানা দিয়েছে বলে জানা যাচ্ছে।
