
শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারি : বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির সেবক মোড়ে হিলকার্ট রোডের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হল এক হোটেল কর্মীর। মৃতের নাম পরিমল দাস। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ও মেয়র পারিষদ মানিক দে।
জানা গিয়েছে, গভীর রাতে আচমকা কালো ধোঁয়ায় ঢেকে যায় শিলিগুড়ির সেবক মোড়ে হিলকার্ট রোড। প্রথমে স্থানীয়রা বিষয়টা বুঝে উঠতে পারেননি। কয়েক মুহূর্তেই নজরে পড়ে দাউ দাউ করে জ্বলছে একটি হোটেল। ভিতরে আটকে পড়েন হোটেলের এক কর্মী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন দমকলের আধিকারিকরা। তাঁদের বেশ কিছুক্ষনের চেষ্টায় আয়ত্তে আসে আগুন। তবে ঝলসে মৃত্যু হয়েছে আটকে পড়া কর্মীর।
সূত্রের খবর, ভস্মীভূত হয়েছে হোটেলটি। সেই সঙ্গে পাশে থাকা বেশ কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দমকলদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। এদিকে হোটেলের ভিতরে গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে যায়। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
