
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। দিনহাটা কাণ্ডে তদন্তভার গেল সিবিআইয়ের হাতে।
অভিযোগ উঠেছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয়ে ইচ্ছে করে হামলা করা হয়েছিল। সেই নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। ঘটনার দিন কী ঘটেছিল, সেই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত।
মঙ্গলবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে, কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে হামলার ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। সেই জন্য আদালত চায় নিরপেক্ষ কোনও এজেন্সি এই ঘটনার তদন্ত করুক। সেই জন্যই তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক দিনহাটায় পৌঁছলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল। শাসক দলের অভিযোগ ছিল, ৪০টি গাড়ির কনভয় নিয়ে এলাকায় অশান্তি করতে এসেছেন নিশীথ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।
ওই সংঘাতে বোমা-গুলি চলে বলেও অভিযোগ ওঠে। এমনকী ঘটনা নিয়ে কড়া বার্তাও দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঘটনার তদন্ত শুরু করেছিল রাজ্য পুলিশ। তাদের কাছেই ঘটনার গতিপ্রকৃতি নিয়ে রিপোর্ট চায় আদালত। সেই রিপোর্ট যে সন্তোষজনক নয়, তা এদিনের নির্দেশ থেকেই স্পষ্ট বলে মনে করছে আইনজীবী মহল।
