
মালদা, ১ মে : বুধবার থেকে মালদায় জনজোয়ার কর্মসূচি শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেদিনই জেলায় পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ এ কারণে সোমবার রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় মহলেই ব্যস্ততা তুঙ্গে।
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মালদা-সহ দুই দিনাজপুরের প্রশাসনিক কর্তাদের নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন৷ ইতিমধ্যে তাঁর সফরসূচি জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছেছে ৷ রাজ্যের প্রশাসনিক প্রধানের সভা নিয়ে এই মুহূর্তে তৎপর জেলা প্রশাসন ৷
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সরাইঘাট এক্সপ্রেসে মালদায় এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী ৷ পুরাতন মালদার মঙ্গলবাড়িতে সেচ দফতরের অতিথিশালা মহানন্দা ভবনে রাত্রিবাস করবেন ৷ পরদিন দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামে তিনি মালদা-সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনকে নিয়ে প্রশাসনিক সভা করবেন ৷ সেদিনও তিনি মালদায় রাত্রিবাস করবেন ৷ আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি দলীয় বৈঠকও করতে পারেন ৷ যদিও এনিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি ৷ পরদিন ৫ মে বেলা ১২টা ২০ মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা ফিরে যাবেন রাজ্যের প্রশাসনিক প্রধান ৷
এদিকে দলীয় কর্মসূচিতে মঙ্গলবার রাতেই মালদায় পা রাখছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, আগামিকাল তিনি চাঁচল স্টেডিয়ামে অস্থায়ী শিবিরে রাত্রিবাস করবেন ৷ ৩ মে তিনি প্রথমে গাজোলের দেওতলায় প্রথম সভা করবেন ৷ সেখান থেকে তিনি যাবেন হবিবপুরের কেন্দুপুকুরে।
