
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর ছুটি শেষ হয়ে গিয়ে খুলে গিয়েছে অফিস কাছারি। আজ তার মধ্যে সোমবার। সপ্তাহের একেবারে ব্যস্ততার প্রথম দিন। এই দিনে কোথায় কেমন থাকবে ট্রাফিক? কোন কোন রাস্তা এড়িয়ে চলা উচিৎ?
লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম জানিয়েছে, এই মুহূর্তে শহরের যানচলাচল ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। বিমানবন্দরগামী ইএম বাইপাস ও ভিআইপি রোডেও যান চলাচলের গতি স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে শহর কলকাতার যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে মিছিল মিটিংয়ে ভোগান্তি বাড়তে পারে শহরবাসীর। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমের শহরের একাধিক মিছিল ও মিটিং রয়েছে। জানা গিয়েছে, সোমবার দুপুর ২টোর সময় ধর্মতলা এলাকার খাদ্যভবন চত্বরে একটি সংগঠনের জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দুপুর ২টোর সময় মধ্য কলকাতায় রয়েছে একটি মিছিল। রাজাবাজার থেকে শিয়ালদা ফ্লাইওভার হয়ে রামলীলা ময়দান অবধি যাবে ওই মিছিল। পুলিশ জানিয়েছে, মিছিলে ৭০০ থেকে ৮০০ লোকের জমায়েত হতে পারে। এই মিছিলের কারণে ওই সময় শিয়ালদা ফ্লাইওভার, এজেসি বোস রোড ও মৌলালিতে সাময়িক যানজট হতে পারে। তবে পুলিশের তরফে পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে লালবাজার। খুব বেশিক্ষণ যানজট স্থায়ী হবে না বলেই মনে করা হচ্ছে।
