
কলকাতা, ১৯ জুলাই: পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে হাই কোর্টের দ্বারস্থ হলেন নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থী। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা।
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জয়ী বিজেপি প্রার্থীদের পুরনো মামলায় ডেকে হেনস্থা করার অভিযোগ তুললেন এক জয়ী প্রার্থী। হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলাকারীর অভিযোগ, পুরনো মামলায় অকারণে হেনস্তা করছে পুলিশ। ফলে পঞ্চায়েতের বোর্ড গঠন আটকে যাচ্ছে।
তাঁর দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভায় বলেন, "নন্দীগ্রামে জেতা বিজেপি প্রার্থীদের জন্য এলাকায় অশান্তি হচ্ছে।" অভিযোগ, তারপর থেকে পুলিশ অতিসক্রিয় হয়ে সব জয়ী প্রার্থীদের হেনস্থা করছে।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা থেকে বর্তমান সময় পর্যন্ত অশান্তি লেগেই আছে রাজ্যে। কোথাও রাজনৈতিক দলের সংঘর্ষে প্রাণ যাচ্ছে। কোথাও আবার বিরোধীদের হেনস্তার অভিযোগ উঠছে।
