
কলকাতা, ২৫ জুন : বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপের দরুন, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবার সকালে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণে উপকূল ঘেঁষা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। নিম্নচাপের কারণে উপকূলে সতর্কতাও জারি করা হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আবহবিদরা জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে একটি নিম্নচাপ অবস্থান করছে। তার জেরেই নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গিয়েছে, তাই আপাতত এমন বিক্ষিপ্ত বৃষ্টি চলতেই থাকবে। রবিবার বেলার দিকে আকাশ কালো করে এসে বৃষ্টি নামে দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায়, বৃষ্টি হয়েছে কলকাতাতেও।
