
কলকাতা, ২২ জুন :আগামী ২৪ ঘন্টার মধ্যেই অর্থাৎ শুক্রবারের মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। বাড়বে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ ছিল মেঘলা। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গুমোটভাবে একেবারে কেটে গিয়েছে দক্ষিণবঙ্গে, এদিনও দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে।
বৃহস্পতিবাবার সকাল থেকে মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তিও ছিল না। তবে, বিগত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রির ঘরেই। সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে অন্তত ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, এই চার জেলাতে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। ক্রমশ বৃষ্টির পরিমাণ বাড়বে।
