কলকাতা, ১২ অক্টোবর, : সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। কিন্তু আদালত কী ভাবে সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে পারে, সেই প্রশ্ন মঙ্গলবার তুলেছিলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।বৃহস্পতিবার এই মামলার ফের শুনানি হবে। বুধবার সেই মামলার সওয়াল-জবাব পর্বে বিচারপতির পর্যবেক্ষণ ছিল, মামলার আবেদন শুনে মনে হচ্ছে কালীঘাট থানা গোটা রাজ্যের নিয়ন্ত্রক। তবে সওয়াল-জবাব পর্ব পুরোপুরি শেষ হয়নি।
রুজিরার আইনজীবীদের অভিযোগ, সংবাদমাধ্যম এমন ভাবে সংবাদ পরিবেশন করছে যাতে তাঁর এবং পরিবারের সম্মান নষ্ট করা হচ্ছে। কোনও বিষয়ে তদন্ত শেষ হওয়ার আগে কার্যত সংবাদমাধ্যম বিচার করে ফেলছে। মামলাকারী বিদেশি নাগরিক, সেই প্রসঙ্গ উত্থাপন করেছেন তাঁর আইনজীবীরা।
কেন্দ্রের আইনজীবী জানান, মামলাকারী বিদেশি নাগরিক। তাই তাঁর নাগরিক অধিকার রক্ষার দাবি এ ক্ষেত্রে অযৌক্তিক। মামলাকারীর স্বামী এ ক্ষেত্রে কালীঘাট থানায় অভিযোগ জানান। সেখানে সব মিডিয়া এবং গুগল, এক্স হ্যান্ডলকে নিয়ন্ত্রণ করতে বলা হয়।
বিচারপতি কালীঘাট থানা সংক্রান্ত ওই মন্তব্য করেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, আদালত যদি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে থাকে তা হলে তা গণতন্ত্রের জন্য ভাল হবে না। তবে সব কিছুর মধ্যে ভারসাম্য থাকা উচিত। ওই নির্দিষ্ট খবরগুলির ক্ষেত্রে কেন মানহানির মামলা করা হচ্ছে না, সেই প্রশ্নও তুলেছেন তিনি। রুজিরার আইনজীবী প্রশ্ন তুলেছিলেন যে সংবাদমাধ্যম বাক্-স্বাধীনতার অপব্যবহার করে যা খুশি খবর প্রকাশ করছে। যদিও বিচারপতির পর্যবেক্ষণ ছিল যে সংবাদ মাধ্যম সংবিধানে স্বীকৃত চতুর্থ স্তম্ভ। কোর্ট তাকে নিয়ন্ত্রণ করতে পারে না।
