
প্যারিস, ১৯ ফেব্রুয়ারি : রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্যের অভিযোগের তদন্ত বুধবার শুরু করেছে উয়েফা। ঘটনার তদন্তে একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে উয়েফা। উল্লেখ, চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার বেনফিকার মাঠে রিয়াল মাদ্রিদের ভিনিসিউস জয়ের গোলটি করার পর এই ঘটনাটি ঘটেছে।ভিনিসিউস ও তার সতীর্থদের অভিযোগ বেনফিকার উইঙ্গার জানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে। ঘটনার সময়ের টিভি ফুটেজে দেখা যায়, মুখ দিয়ে জার্সি ঢেকে কিছু একটা বলছেন প্রেস্তিয়ান্নি। সেই কথা শুনেই তেতে ওঠেন ভিনিসিউস ও তার সতীর্থরা।
অভিযোগ প্রমাণিত হলে ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে অন্তত ১০ ম্যাচ নিষিদ্ধ হতে পারে প্রেস্তিয়ান্নি। আর এই ঘটনায় পর প্রেস্তিয়ান্নির পাশে দাঁড়িয়েছে তার ক্লাব বেনফিকা। পর্তুগিজ ক্লাবটি বুধবার সামাজিক মাধ্যমে লিখেছে, “একসঙ্গে আমরা তোমার পাশে।”
