
পাল্লেকেলে, ২১ ফেব্রুয়ারি : মিচেল মার্শদের কাছে পাত্তাই পেল না ওমান। গ্রুপপর্বের শেষ ম্যাচটায় ১৬.২ ওভারের মধ্যে ১০৪ রানে অলআউট হয়ে যায় ওমান। অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েলের ঘূর্ণির সামনে সর্বোচ্চ ৩২ রান করেন ওয়াসিম আলী। ২১ রান দিয়ে জাম্পা নেন ৪ উইকেট, ম্যাক্সওয়েল ১৩ রান দিয়ে নেন ২টি।
পাল্লেকেলেতে ১০৫ রানের লক্ষ্যে অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৯ উইকেটে। অজিরা লক্ষ্য পেরিয়ে গেছে তিনজনের ব্যাটে, সেটাও মাত্র ৯.৪ ওভারের মধ্যে। যথারীতি ইনিংস ওপেন করতে নেমেছিলেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। এ দুজন গড়েন ৯৩ রানের জুটি। হেড ১৯ বলে ৩২ রান করে আউট হওয়ার পর অস্ট্রেলিয়া আর উইকেট হারায়নি। মার্শ ৩৩ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। জশ ইংলিস ৬ বলে ২ চারে করেন ১২ রান। ওমানের হয়ে একমাত্র উইকেটটি নেন শাকিল আহমেদ।
অস্ট্রেলিয়া দেশের বিমান ধরছে দুই জয় নিয়ে। তাদের অন্য জয়টি এসেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর ওমান চার ম্যাচের মধ্যে একটিতেও জিতেনি। গ্রুপপর্ব শেষ। শনিবার থেকে মাঠে গড়াবে সুপার এইটের খেলা। প্রথম ম্যাচে মাঠে শনিবার নামবে নিউ জিল্যান্ড ও পাকিস্তান।
