
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দিল্লী ক্যাপিটালস এবং গুজরাত টাইটান্স। এই মাঠের বাইশ গজ সাধারণত বেশ মন্থর হয়, যা ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে ফেলতে পারে। দিল্লীতে স্পিনাররা সাধারণত উইকেট থেকে সহায়তা পেয়ে থাকেন। দেশের অন্যতম পুরনো এই স্টেডিয়াম বিখ্যাত ছিলো ফিরোজ শাহ কোটলা নামে। সম্প্রতি এই মাঠের নাম পরিবর্তন করা হয়েছে। দুটি আন্তর্জাতিক টি-২০ এবং ৭৮টি আইপিএল ম্যাচ আয়োজন করেছে অরুণ জেটলি স্টেডিয়াম। এবার ৭টি আইপিএল ম্যাচ আয়োজন করার কথা রয়েছে এই মাঠে।
৭৮টি ম্যাচের মধ্যে ৩৫টিতে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। রান তাড়া করে জয় এসেছে ৪৫ বার। ২টি খেলায় কোনো ফলাফল পাওয়া যায় নি। এক ইনিংসে এই মাঠে সর্বোচ্চ রান তোলার কৃতিত্ব দিল্লী ক্যাপিটালসের। কিংস ইলেভেন পাঞ্জাব (পাঞ্জাব কিংস)-এর বিপক্ষে ২০১১ সালে ২০ ওভারে ২৩১ রান তুলেছিলো তারা। সর্বনিম্ন রান করার রেকর্ডটিও রয়েছে দিল্লীরই নামে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০১৭ সালে ৬৬ রানে গুটিয়ে গিয়েছিলো তারা। তবে এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর ১৬৫ রানের আশেপাশে থাকে। ১৭০ বা ১৭৫ জয়সূচক রান হতে পারে।
দিল্লীর মাঠে খেলা যত গড়ায় পিচ তত মন্থর হয়ে আসে। ব্যাটিং করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে টসজয়ী অধিনায়ক আগে ব্যাট করে বড় রানের লক্ষ্যমাত্রা প্রতিপক্ষের ওপর চাপিয়ে দেওয়া পছন্দ করবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
দিল্লী ক্যাপিটালস বনাম গুজরাত টাইটান্স ম্যাচটি আয়োজিত হতে চলেছে মঙ্গলবার। ম্যাচের দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বিনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। ভোর রাত্রের দিকে খানিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও ম্যাচের সময় বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৪৫ শতাংশ। খেলার সময় ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বায়ুপ্রবাহের সম্ভাবনা।
