
কলকাতা, ৮ মার্চ : যে কোনও বিশেষ দিনেই অন্যভাবে সেজে ওঠে গুগল ডুডল। স্বাধীনতা দিবস থেকে গান্ধীজয়ন্তী, হোলি থেকে বড়দিন— বদলে ফেলা হয় গুগল ডুডলকে। এবার আন্তর্জাতিক নারীদিবসের অ্যানিমেশনে নারীশক্তির জয়গান গাওয়া হল বিশেষ ডুডলের মাধ্যমে।
নারীরাই নারীদের শক্তি। তাঁরাই পরস্পরকে সমর্থন করে জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে ওঠেন। আন্তর্জাতিক নারীদিবসে এই বার্তাই ফুটে উঠল গুগলের ডুডল। অভিনব অ্যানিমেশনের মাধ্যমে বুধবার নারীদিবস উদযাপন করল গুগল।
নারীই মাতৃ, নারীই সম্পদ, নারীই শক্তিস্বরূপিণী। জীবনের চড়াই-উতরাইয়ে তাঁরাই একে-অপরের অবলম্বন হয়ে ওঠেন। পাশে দাঁড়ান, শক্তি জোগান। ডুডলের অ্যানিমেশনের মাধ্যমে সেই বার্তাই তুলে ধরেছে গুগল। প্রতিটি ‘জিওওজিএলই’ ইংরেজি অক্ষরগুলি নানাক্ষেত্রে মহিলাদের কাঁধে-কাঁধ মিলিয়ে চলার লড়াইকে ফুটিয়ে তুলেছে। শুধুই প্রভাবশালী মহিলারা নন, একজন সাধারণ মা কীভাবে তাঁর সন্তানকে লালন করেন এবং তাঁর পরবর্তী প্রজন্ম তাঁকে দেখেই শিক্ষা পান, সে ছবিও সুন্দর ভাবে দেখানো হয়েছে ডুডলে।
