
কলকাতা, ১২ মার্চ : ওড়িশার উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশে মুখ লুকোল সূর্য। অথচ আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। কয়েকদিন আগে গরম আর ঘামে ভ্যাপসা আবহ অস্বস্তি বাড়িয়েছিল। গত ৪৮ ঘণ্টায় হঠাৎ নাতিশীতোষ্ণ আবহাওয়া । সূর্য ডুবলে বেশ একটা ঠাণ্ডা ভাব। আর দিনেও চাঁদিফাটা রোদ এবং গরম বলা যাবে না। সবমিলিয়ে চৈত্রের আগে আবহাওয়ায় গরমের দাপট নেই।
ইতিমধ্যে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে গত দু'দিন ধরে সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে। আজ রবিবার ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ ও দুই দিনাজপুরেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়া অফিস বলছে, নতুন সপ্তাহে বুধবার থেকে কালবৈশাখীর হাত ধরে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়বৃষ্টি হবে।
হাওয়া অফিসের কথায়, রবিবার দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ও ২৩ ডিগ্রির আশেপাশে থাকবে।
