
কলকাতা, ৮ মার্চ : মার্চ মাস এবার উষ্ণতায় কাটবে পশ্চিমবঙ্গে, দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়বে। ১১ মার্চের পর দিনের তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অতএব উষ্ণ ফেব্রুয়ারির পরে এবার উষ্ণতর মার্চের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। ঝাড়খন্ড এবং ওডিশাতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে ঝাড়খন্ড এবং ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে।
আগামী কিছু দিন কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহে রোদের তাপ আরও বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তরবঙ্গে হালকা ঝড়বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস।
